মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় এক দিনে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বিষপানে এবং লাশ উদ্ধারের এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সড়ক দুর্ঘটনায় দুজন, পানিতে ডুবে এক শিশু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী, বিষপানে দুজন এবং হাওর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
গতকাল বিকেলে শ্রীমঙ্গল উপজেলায় ‘হানিফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জে নদী থেকে শিশুর লাশ উদ্ধার
কমলগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে নিখোঁজের এক দিন পর তামিম ইকবাল (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল ধলাই নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জুড়ী উপজেলায় গতকাল গৃহস্থালির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কমলগঞ্জে বিষপানে দুজনের আত্মহত্যা
কমলগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে কীটনাশক পান করে এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। বিষাক্রান্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ আত্মহত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
হাওরে মিলল নিখোঁজ ব্যক্তির লাশ
মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের সাতবাক ও দৌলতপুর গ্রামের মাঝামাঝি একটি হাওর থেকে আব্দুল মতিন (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁর লাশ হাওরের পাশে ফেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এক দিনে জেলায় এতগুলো মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা প্রথম সিলেটকে জানিয়েছেন, লাশগুলোর ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে পুলিশ।
এফপি/র