Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

বন্যা কবলিত এলাকায়

আনসার-ভিডিপির সহযোগিতায় শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৪২ পিএম  (ভিজিটর : ১১৪)

বন্যার পানি আর প্রবল বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন একদল তরুণ-তরুণী। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছেন আনসার-ভিডিপি সদস্যরা। কোনো শিশু যেন পুষ্টি থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ।

গত ২৮ জুন জাতীয় ক্যাম্পেইন হলেও বন্যার কারণে দুর্গম এলাকার বহু শিশু কেন্দ্রে আসতে পারেনি। বাদ পড়া শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরদিনই মাঠে নামেন আনসার ভিডিপির স্বেচ্ছাসেবীরা। সুনির্দিষ্ট পরিকল্পনায় প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে পৌঁছানোর লক্ষ্য নেন তারা।

সোমবারে দিনভর চলে এই বিশেষ অভিযান। দলনেতা শাহ আলী ও সহকারী কমান্ডার হযরত আলীর নেতৃত্বে ১৫ সদস্যের দল নৌকাযোগে ও পানি মাড়িয়ে মল্লিকপুর, কামরাবন্দসহ ছয়টি গ্রামে যান। প্রতিটি শিশুর মুখে পরম যত্নে তুলে দেন ক্যাপসুল। এই উদ্যোগে অংশ নেয়া আনসার ভিডিপি সদস্যরা হলেন, কামরুননুর চৌধুরী, নুর আলম, হানিফ মিয়া, শামীম মিয়া, তাবারক হোসেন, আব্দুল নুর, ইসব আলী, আল মহান, হাকিম মিয়া, রিনা আক্তার, হাসনাহেনা আক্তার, লিমা আক্তার ও সোনিয়া মল্লিক।

ক্যাপসুল খাওনোর পাশাপাশি মা-বাবাদের সচেতনও করেন তারা। রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরেন কর্মীরা। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের যেকোনো দুর্যোগ দুর্বিপাকে ‘জনকল্যাণে পাশে থাকার’ আহ্বানের এক অনন্য চিত্র ফুটিয়ে তুললেন আনসার ভিডিপি সদস্যরা।

বিপদসংকুল পথ পেরিয়ে ঘরে ঘরে পুষ্টিসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আনসার ও ভিডিপির মানবসেবার এই দৃষ্টান্ত সুনামগঞ্জের বানভাসি মানুষের মনে আবারও গেঁথে দিয়েছে, মানুষ মানুষের জন্য।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝