Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
শিরোনাম:

সমুদ্রবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন ও ব্লু ইকোনমি গবেষণায় ঢাবি ও ইন্দোনেশিয়ার ব্রিন এর যৌথ উদ্যোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৪৩ পিএম  (ভিজিটর : ৫৫)

সমুদ্রবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন এবং ব্লু ইকোনমি বিষয়ক গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি) এবং ইন্দোনেশিয়ার জাতীয় গবেষণা ও উদ্ভাবন সংস্থা (ব্রিন)-এর রিসার্চ সেন্টার ফর ডিপ সি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্দোনেশিয়ার জাতীয় গবেষণা ও উদ্ভাবন সংস্থা (ব্রিন)-এর রিসার্চ সেন্টার ফর ডিপ সি-এর প্রধান অধ্যাপক ড. আ’আন ওয়াহিউদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমুদ্রবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন ও ব্লু ইকোনমি বিষয়ে গবেষণা সহযোগিতা শীর্ষক এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে সামুদ্রিক বিজ্ঞান গবেষণা, জলবায়ু পরিবর্তন অধ্যয়ন, ব্লু ইকোনমি উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, একাডেমিক বিনিময় এবং যৌথ বৈজ্ঞানিক উদ্যোগে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী জলবায়ু পরিবর্তন, সমুদ্র শাসন এবং টেকসই উন্নয়ন সম্পর্কিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক গবেষণা অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রিন-এর মধ্যকার এই সহযোগিতা উভয় দেশের ব্লু ইকোনমি এজেন্ডা বাস্তবায়নে অত্যাধুনিক গবেষণা, বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান ও উদ্ভাবন বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, আইসিওজি’র ভিজিটিং সায়েন্টিস্ট অধ্যাপক ড. টোনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশিদ এবং ইন্দোনেশিয়ার ব্রিন-এর রিসার্চ সেন্টার ফর ডিপ সি-এর গবেষক ও প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি সমন্বয় করেন আইসিওজি’র পরিচালক ড. কে এম আজম চৌধুরী।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি) সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের টেকসই ব্যবস্থাপনা, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণের ক্ষেত্রে অব্যাহত প্রতিশ্রুতির আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝