কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে জেলার পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মিছিল ও কেক কেটেছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোনো ধরনের নাশকতা ঘটানোর চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আজ মঙ্গলবার (২৩ জুন) জেলা শহর ঘুরে দেখা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জেলাজুড়ে নাশকতার ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
গত সোমবার রাতে দুইজন কর্মকর্তাসহ ১৭১ জন সেনাসদস্য গোপালগঞ্জে পৌঁছান। তবে সকাল থেকে সেনাবাহিনীকে মাঠে দেখা না গেলেও দুপুরের পর জেলাজুড়ে সেনাবাহিনীর টহল দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঢাকা-খুলনা মহাসড়কে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর টহল চোখে পড়ার মত। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে।
তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও দুপুরে গোপালগঞ্জ শহরের পার্শ্ববর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি সদর উপজেলার গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এদিকে পরিস্থিতি মোকাবেলায় রাতভর বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে নিষিদ্ধ কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব মুন্সিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে নানা আশঙ্কা থাকলেও জেলার পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। সকাল থেকেই জেলার রাস্তাঘাট ও হাটবাজারে ছিল সাধারণ মানুষের উপস্থিতি। চলেছে স্বাভাবিক কার্যক্রম। স্কুল-কলেজে শিক্ষার্থীদের যাতায়াতও ছিল স্বাভাবিক। শহরের সড়কগুলোতে অন্যান্য দিনের মতো যান চলাচল ছিল স্বাভাবিক।
রিকশাচালক রফিকুল ইসলাম বলেন, “প্রতিদিনের মতো আমরা সকাল থেকে রিকশা নিয়ে কাজে বের হয়েছি। কোথাও কোনো সমস্যা হয়নি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকায় আমরা স্বস্তিতে ছিলাম।
অপর পথচারী মো. আল আমিন বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কিছুটা ভয়ের মধ্যে থাকলেও কোনো ধরনের ঘটনা ঘটেনি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের মিছিল-মিটিং বা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা সঙ্গে সঙ্গেই কঠোর হস্তে দমন করা হবে। এখন পর্যন্ত জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অপরদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় রাখা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. আইয়ুব আলী বলেন, প্রশাসনের পক্ষ থেকে সমাধি কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বাড়তি নজরদারি অব্যাহত রাখা হয়। কোনো দুর্বৃত্ত, আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক যাতে সমাধি প্রাঙ্গণে প্রবেশ করে নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে ছিল।
এফপি/অ