সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অতিরিক্ত সার মজুদের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে এক সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্সের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে সেখানে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়।
এ ঘটনায় দোকানের মালিক মো. নুর ইসলামকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে মজুদ পাওয়া সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে।
অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ফ