পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে সড়কপথে যানবাহন ও যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে টহল টিম সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অনুসরণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ২১ মে থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিশেষ টহল টিমের দায়িত্ব পালন শুরু হয়েছে। যা আগামী ৪ জুন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জরুরি প্রয়োজনে সেবা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগ করার জন্যও জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।
এফপি/জেএস