নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (২৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন বাজার এলাকায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার মাছ বাজার, লেবু বাজার, শাক-সবজির বাজার, মশলার বাজার, চালের বাজার, মাংসের বাজার ও শুটকির বাজার পরিদর্শন করা হয়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
অভিযানকালে যত্রতত্র পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে সড়কে যানজট সৃষ্টি করার অভিযোগে দুটি চালের আড়ৎকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এছাড়া আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে বিভিন্ন বাজারে নজরদারি জোরদার করা হয়। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন ক্রেতার কাছে ভিন্ন ভিন্ন দামে পণ্য বিক্রির অভিযোগে দুইজন মশলা ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি সকল ব্যবসায়ীকে দোকানে মূল্য তালিকা প্রদর্শন করে সঠিক দাম ও মান বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/জেএস