রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে মোঃ রমজান আলী (৬০) নামে এক সৌখিন মাছ শিকারির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তিনি রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত খৈমুদ্দিনের ছেলে।
(২৪ মে) রবিবার রাত সারে ৮ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অহেদ শেখের পাড়ার রফুর দোকানের সামনে মরা পদ্মা নদীতে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী তার এক সঙ্গীকে নিয়ে রবিবার বিকেলে মরা পদ্মা নদীর রফুর দোকান এলাকায় মাছ ধরার উদ্দেশ্যে আসেন।
রাত সারে ৮ টার দিকে হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় তার সঙ্গী দৌড়ে নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি হ্যাচারির নিচে গিয়ে আশ্রয় নেন। নদীর পূর্ব পাড়ে থাকা রমজান দৌড়ে পাড়ে ওঠার চেষ্টাকালে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।
কিছুক্ষন পর ঝড়বৃষ্টি কমে গেলে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তার মরদেহ দেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেয়।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই নাসির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এফপি/জেএস