“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
উদ্বোধনের আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে ভূমিসেবা মেলা উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাছির হাসান খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, ভূমিসেবা মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন, অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
এফপি/জেএস