মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য “ভূমিসেবা মেলা ২০২৬” উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভূমি-সংক্রান্ত বিষয়ে ধারণা দিতে বিদ্যালয়ভিত্তিক ভূমি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
রোববার (১৭ মে) উপজেলার ১৮টি বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ কার্যক্রম।
প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন। এতে শিক্ষার্থীদের ভূমি সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা প্রদান করা হয়। পাশাপাশি আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং সরকারি বিভিন্ন সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কেও অবহিত করা হয়।
এদিকে, ভূমিসেবা মেলা ২০২৬ সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। গত ১৫ মে জুমআর নামাজের খুতবার পর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ সরকার নির্দেশিত বিজ্ঞপ্তি প্রচার করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মেলার বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভূমি সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সেবাগ্রহীতারা আরও সহজে সরকারি ভূমি সেবা গ্রহণে আগ্রহী হবেন।
এফপি/জেএস