আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে তিনি দৌলতদিয়া লঞ্চঘাট ও একাধিক ফেরিঘাট ঘুরে দেখেন। এ সময় ঘাটের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা, যানবাহন পারাপার এবং নদীভাঙন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে নৌ সচিব দৌলতদিয়া লঞ্চঘাটের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দৌলতদিয়া ঘাট নদীভাঙনের কবলে পড়েছে। এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। নদীর কাজই হলো ভাঙা। তবে আমরা যতটুকু সম্ভব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে কাজ চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “দৌলতদিয়া ঘাট নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। খুব দ্রুতই এ ঘাটের উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে। আমরা দৌলতদিয়া ঘাটকে আরও আধুনিক ও কার্যকর করতে কাজ করছি।”
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নেওয়া প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নৌ সচিব বলেন, “ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাটে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য মেরামত কাজসহ বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজিদ হোসেন, বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান মো. আবুল হোসেন, বিআইডব্লিউটিসি'র পরিচালক (বাণিজ্য) মোঃ আশিকুর রহমান,পরিচালক ও কারিগরি ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো.সালাউদ্দিন, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহাবিআইডব্লিউটিএর কর্মকর্তা প্রমুখ।
এফপি/জেএস