Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে মানুষের ঢল

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১৫ এএম আপডেট: ১৬.০৫.২০২৬ ১১:২৪ এএম  (ভিজিটর : ২৭১)

চাঁদপুরে খাল পুনঃখনন কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে সড়ক পথে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান'কে স্বাগত জানাতে মানুষের ঢল নামে। 

শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর মহাসড়ক অতিক্রম কালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে অভিবাদন জানান। এ সময় প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় কুমিল্লামুখী সড়কের অন্তত পাঁচ কিলোমিটার জুড়ে হাজারো মানুষ তাকে এক নজর দেখতে সড়কের পাশে ভিড় করেন। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভিন্ন ভিন্ন সাজে, হাতে কাঁচি ধান নিয়ে এবং ব্যান্ড বাজিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ নেতাকর্মী ও সাধারণ মানুষ হাঁস পয়েন্ট এলাকায় জড়ো হন। অবস্থানের কারণে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। সফর কালে তিনি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় চাঁদপুর থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মুন্সীগঞ্জ-৩আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে গজারিয়ার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মহাসড়কে উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের এ অংশগ্রহণ প্রমাণ করে তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশের অগ্রযাত্রায় আস্থা রাখছেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝