জলবায়ু বিপর্যয় মোকাবিলা ও উপকূলে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের মোংলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও আশা-হফনুংয়ের আয়োজনে এবং বিদ্যালয়ের প্লানেটিয়ার্স ক্লাবের বাস্তবায়নে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশকর্মী মো. নূর আলম শেখ। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষক উত্তম মণ্ডল, ব্রজেন রায়, শেখ শাকিব হুসাইন, পরিবেশকর্মী মেহেদী হাসান এবং প্লানেটিয়ার্স ক্লাবের ক্যাপ্টেন ঐশী করিম।
প্রধান অতিথি মো. নূর আলম শেখ বলেন, মানুষের বনবিনাশী কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের আয়তন উল্লেখযোগ্যভাবে কমেছে। জলবায়ু বিপর্যয় মোকাবিলা ও উপকূলের প্রাকৃতিক সুরক্ষাবলয় ধরে রাখতে ম্যানগ্রোভ বনায়ন রক্ষা ও সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।
প্রধান শিক্ষক স্বদেশ মণ্ডল বলেন, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের এ উদ্যোগ প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে যারা পরিচর্যার মাধ্যমে বিতরণ করা চারা ভালোভাবে বড় করবে, বছর শেষে তাদের পুরস্কৃত করা হবে।
এফপি/র