Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ পিএম  (ভিজিটর : ৪৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সন্ত্রাস দমনে ‘ক্রসফায়ার’-এর কোনো প্রয়োজন নেই, দেশের প্রচলিত আইনই এ জন্য যথেষ্ট বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি বিচারপ্রার্থী জনগণ যাতে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ রকিবুল ইসলাম বকুল, এমপি, আজিজুল বারী হেলাল, এমপি, আমির এজাজ খান, এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।

সভায় খুলনা বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা জেলার উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান অতিথির সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সকাল ৯টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। এ সময় তিনি দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে আদালতে মামলাজট কমানোর জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান।

সভায় জেলা ও দায়রা জজ চাঁন মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ অন্যান্য বিচারক উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝