যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার করা হয়েছে। এতে পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় কাদার বিল এলাকার প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি জলাবদ্ধতার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীর কপোতাক্ষ নদের পাশের ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদার বিল এলাকায় চলতি মৌসুমে আমন ধানের আবাদ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতিবৃষ্টির কারণে খালের সরু মুখ দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। এর মধ্যে খালে কলমিশাক, কচুরিপানা, শ্যাওলা, ঘাস ও ময়লা-আবর্জনা জমে পানি চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে যায়। এতে ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়।
পরে ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার ও স্থানীয় দলনেতা মো. ইয়াছিন আলীর উদ্যোগে আনসার ও ভিডিপির সদস্যরা খালে নেমে জলজ আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। প্রায় ৫০০ ফুট খাল পরিষ্কারের পর পানি নিষ্কাশনের পথ সচল হয়।
আনসার ও ভিডিপি জানিয়েছে, খাল পরিষ্কারের পর পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। এতে আমন ধান চাষে কৃষকদের ক্ষতির আশঙ্কাও কমেছে।
কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও কৃষিবিষয়ক পরামর্শ দেন ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম।
আনসার ও ভিডিপির কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সদস্যরা অংশ নিচ্ছেন।
এফপি/অ