‘স্বজনপ্রীতি ও দুর্নীতির কোনো সুযোগ আমার কাছে নেই। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে’—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশনা দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামান রতন বলেন, শুধু অভিযোগ তুলে বসে থাকলে হবে না, সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ম বা রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, তবে প্রত্যেককে নিজ নিজ পেশাগত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অপরাধের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
এমপি রতন বলেন, তাঁর বাড়ি বা কোনো স্বজনের নাম ভাঙিয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনতে হবে। কাউকে বেআইনি সুবিধা দেওয়া যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ইসহাক আলী, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভবেরচর বাসস্ট্যান্ডে অটোরিকশা থেকে অবৈধভাবে ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এফপি/র