Dhaka, Friday | 15 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 15 May 2026 | English
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
শিরোনাম:

মান্দায় অনলাইন জুয়ার মূল হোতাসহ গ্রেপ্তার ১৫

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিটর : ৪)

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের মূল হোতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ২১টি মুঠোফোন, ৫টি ল্যাপটপ, ১৬টি কম্পিউটার ও ১৬টি মনিটরসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনলাইন জুয়া পরিচালনা, অবৈধ ডলার লেনদেন (মানি লন্ডারিং) ও তরুণদের বিপথগামী করার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে পৃথক মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় উপজেলার বিজয়পুর তিনমাথার মোড় (কাশোপাড়া এলাকা) সংলগ্ন জনৈক রুস্তম আলীর বাসায়। সেখান থেকে অনলাইন জুয়ার মূল হোতা সোহেল হোসেন (২৪) এবং তার দুই সহযোগী রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানাকে (২০) গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরই ধারাবাহিকতায় ভোর ৪টার দিকে উপজেলার বনিহারী (দিনবনি হাড়িপাড়া) গ্রামে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে পুলিশ। ফজলুর রহমানের বাড়ির নিচতলায় পরিচালিত জুয়ার আসর থেকে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আল আমিন, আল মামুন, শাকিল বাবু, বদিউজ্জামান ওরফে বিপ্লব, শাফায়েত রাব্বি, আরিফ হোসেন, মুশফিকুর রেজা ওরফে রাতুল, রবিউল ইসলাম, নাইস বাবু, রোমান বাবু ওরফে রিয়ন, নাজমুল হোসেন ও শাফায়েত ওরফে আপন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই চক্রটি দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও ডলারের মাধ্যমে অবৈধ লেনদেন চালিয়ে আসছিল। তারা স্থানীয় তরুণদের জুয়ায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সেখানে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করত বলেও অভিযোগ রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্যার এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন স্যার এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। সমাজবিধ্বংসী এসব কর্মকাণ্ড নির্মূলে ভবিষ্যতে পুলিশের এই তৎপরতা আরও জোরদার করা হবে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝