Dhaka, Monday | 22 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 22 June 2026 | English
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
শিরোনাম:

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার পুনঃখাল খননের লক্ষ্য: পানি সম্পদ মন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:১৬ পিএম  (ভিজিটর : ৫৭)

আগামী ১৬ মে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে পুনঃখাল খনন কার্যক্রম সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শুধু খাল নয়, নদী খনন এবং নদী রক্ষা বাঁধ নির্মাণ কাজও আমাদের করতে হবে। পাশাপাশি সেচ ও কৃষি—এই দুটি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুর সেচ প্রকল্প এবং মেঘনা-ধনাগোদা প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুর সেচ প্রকল্প ১৯৭৯ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল। এ প্রকল্পের সঙ্গে চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জসহ মোট ছয়টি উপজেলা জড়িত রয়েছে।

মন্ত্রী জানান, প্রকল্পটিকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে এ অঞ্চলের মানুষ কৃষি উৎপাদন বৃদ্ধি করে অধিক সুবিধা ভোগ করতে পারে।

মতবিনিময় সভায় তিনি বলেন, তিস্তা ও পদ্মা নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন না লাগিয়ে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে।

এর আগে বেলা ১২টার দিকে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কার্যক্রম উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী খাল খনন কাজ উদ্বোধন করতে আসবেন। এ কার্যক্রম সফল করতে স্থানীয় সংসদ সদস্য এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। তারেক রহমান তাঁরই সন্তান। তাই খাল খনন কর্মসূচিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জনগণের স্বার্থে এটি একটি নতুন জাগরণ সৃষ্টি করেছে। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার পুনঃখাল খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর সুফল দেশের মানুষ ভোগ করবে।

পরে জেলা প্রশাসক সকল সরকারি দপ্তরকে সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থাকার পরামর্শ দেন। বিশেষ করে এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, সমাজসেবা অধিদপ্তর ও বিএডিসিসহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এমপি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য এমপি এম এ হান্নান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মনোয়ার উদ্দিন এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন অর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিমসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝