হবিগঞ্জের আজমিরীগঞ্জে টানা অতিবৃষ্টি ও অকাল বন্যার কারণে বোরো ধানের পাকা ফসল তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
সোমবার (৪ এপ্রিল) দিনব্যাপী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন। অনেক কৃষক তাদের বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান। কৃষকরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।
পরিদর্শনকালে এমপি জীবন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকার ঘোষিত সহায়তার আওতায় আগামী তিন মাস এসব কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, যারা তুলনামূলক সচ্ছল বা বড় জমির মালিক, তাদের পরিবর্তে প্রকৃত ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও জানান, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিজিএফ কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি অসহায় বৃদ্ধ, বৃদ্ধা ও স্বামী পরিত্যক্ত নারীদের সহায়তা কার্যক্রম যাচাই-বাছাই করে আরও সম্প্রসারণ করা হবে।
এমপি জীবন বলেন, হাওর অঞ্চলে পানি নিষ্কাশনের দীর্ঘদিনের সমস্যার সমাধানে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে। বিভিন্ন এলাকায় খাল খননের মাধ্যমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়। এছাড়া স্থানীয় প্রশাসনকে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এফপি/অ