প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্টে এবং প্রেমিকাকে ফিরিয়ে আনতে চারশত ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দেওয়ার পরিকল্পনা করেন মাদারীপুর জেলার শিবচরের হাসান শিকদার (২২) নামে এক যুবক। এর জন্য ৪৬০ ফুট এক বৈদ্যুতিক টাওয়ারের উপর উঠে সে। খবর পেয়ে হাসানের এক বন্ধু, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কৌশলে তাকে বুঝিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।
জানা গেছে, জেলার শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান রবিবার সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন আনুমানিক ৪শ ৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারের উপড়ে উঠে পড়ে।
টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করে। তা না হলে সে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারের উপড়ে বন্ধুর কাছে পৌঁছে হাসানকে নিচে নামতে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করতে থাকে।
এদিকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করে। এভাবে দীর্ঘ সময় পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে হাসানকে নিয়ে তার বন্ধু নিচে নেমে আসে।
পরে পুলিশ হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে হাসান উঁচু টাওয়ারে উঠার পর থেকেই টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় জমে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ওই যুবককে উঁচু টাওয়ারে উঠতে দেখে লোকজন ভিড় করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর বুঝতে পারি, প্রেম টিকিয়ে রাখতে এই কৌশল নিয়েছে ওই যুবক।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে হাসান নামের যুবককে টাওয়ারের উঁচু থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এফপি/অ