পটুয়াখালীর কলাপাড়ায় হত্যা মামলার আসামিদের জামিনে মুক্তি এবং আসামী কর্তৃক হুমকির প্রতিবাদে উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত ফেরদৌস মুন্সির পরিবার।
বুধবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি. তৌহিদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ফেরদৌসের ভাগিনা মো. রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে রফিকুল বলেন, গত ০৬.০১.২০২৬ তারিখ উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালি গ্রাম থেকে নিখোঁজ হয় ফেরদৌস মুন্সি। নিখোঁজের দুইদিন পর বাড়ির পার্শ্ববতী খাল পাড় থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আপন বড় ভাই সহ ৯ জনকে আসমী করা হয়। তারমধ্যে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে ঘোরাফেরা করছে এবং মামলার বাদী ও সাক্ষীদের জীবননাশের হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে নিহতের বোন অভিযোগ করে বলেন, যে আসামিরা এখন জামিনে বাহিরে রয়েছে, তাদের দেয়া হুমকিতে নিহতের পরিবার তথা আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরও বলেন, জামিনে মুক্ত আসামিরা প্রভাব খাটিয়ে মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে।
সংবাদ সম্মেলনে আরও বলেন, জেলে থাকা বাকি আসামিরও জামিন পাওয়ার চেষ্টা চলছে। এসব আসামি জামিনে বের হলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বাদী ও সাক্ষীদের জীবনের ঝুঁকি বাড়বে। তাছাড়া খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা নষ্ট হবে।
এসময় নিহতের পরিবার হত্যা মামলার আসামিদের জামিন বাতিল, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং মামলার দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন। একই সঙ্গে কোনো প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ছাড়া মামলাটি দ্রুত নিষ্পত্তি ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এফপি/অ