দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন।
একই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর এলাকায় সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও বাইসাইকেল বিতরণ এবং অস্বচ্ছল কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এফপি/জেএস