রমজান
শুধু রোজা রাখার মাস নয়, এটি সহমর্মিতা আর ভাগাভাগিরও সময়। সেই মানবিক বোধ
থেকেই চিলমারীতে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে সংযোগ ফাউন্ডেশন। বৃহস্পতিবার
(২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় থানাহাট ২ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রাঙ্গণে রমজান ফুড প্যাকেজ-২৬ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নির্ধারিত
সময়ের আগেই সুবিধাভোগী পরিবারগুলো বিদ্যালয় মাঠে এসে জড়ো হন। অনেকেই
দূরবর্তী এলাকা থেকে হেঁটে বা ভ্যানে করে এসেছেন। কারও হাতে ছোট্ট ব্যাগ,
কারও কোলে শিশু। সবার চোখেমুখে ছিল এক ধরনের নির্ভরতার ছাপ।
স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে
প্যাকেজ গ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা ও আন্তরিকতার পরিবেশ।
আয়োজকদের
পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম বেড়ে
যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও বাড়ে। ইফতার ও সেহরির সময় অন্তত
ন্যুনতম খাবারের নিশ্চয়তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেজে
চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়, যা একটি
পরিবারের কয়েকদিনের খাদ্যচাহিদা পূরণে সহায়ক হবে।
বিতরণ কার্যক্রমে
আগে থেকেই প্রস্তুতকৃত তালিকা অনুসরণ করা হয়। প্রকৃত উপকারভোগীরা যেন
সহায়তা পান, সে বিষয়টি নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকরা সতর্ক ছিলেন। ভিড় এড়াতে
ধাপে ধাপে পরিবারগুলোকে ডাকা হয় এবং সুষ্ঠুভাবে প্যাকেজ তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে
উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম সীমান্ত ও মোছা. রুনা
বেগম। এছাড়া দায়িত্ব পালন করেন মো. খোরশেদ আলম, মো. সিফাত ইসলাম, সিয়াম,
লাবিব, রিপন, নাসরিন, সীমা ও মোসলেমা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো
আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।
খাদ্যপ্যাকেজ পেয়ে উপকারভোগীরা
কৃতজ্ঞতা প্রকাশ করেন। কয়েকজন জানান, এমন সহায়তা শুধু সাময়িক স্বস্তিই দেয়
না, বরং তাদের মনে নতুন করে সাহস জাগায়। আয়োজকদের জন্য দোয়া করে তারা এ
ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এফপি/অ