ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী এ.এস.এম মতিউর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী শৈলকুপা উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাধ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। গণসংযোগে প্রার্থী নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে বাজারের অলিগলি ও জনসমাগমস্থল ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নানা শ্রেণি-পেশার মানুষের কাছে ভোট কামনা করেন।
এছাড়াও গণসংযোগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে তাঁদের ভাবনার কথা শোনেন। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ প্রার্থীকে কাছে পেয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে এ.এস.এম মতিউর রহমান বলেন, জনগণের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষ একটি শান্তিময় পরিবেশ, অপরাধ ও চাঁদাবাজমুক্ত এলাকা প্রত্যাশা করছে। এসব বিষয়কে গুরুত্ব দিয়েই তিনি মানুষের সঙ্গে কথা বলছেন বলে জানান। এসময় তার সঙ্গে জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফপি/জেএস