আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে বেশ কয়েকটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোহারো গ্রামের বাবু জোয়ার্দার ও নজির জোয়ার্দার নামে দুই প্রভাবশালী সামাজিক নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষ চলাকালে দুটি বসতবাড়ি, একটি দোকান এবং একটি ইজিবাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, দোহারো গ্রামে দুই সামাজিক গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
এফপি/জেএস