ঝিনাইদহের শৈলকুপায় তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কাতলাগাড়ী পুরাতন বাজারে এ চুরির ঘটনা ঘটে। চুরির শিকার দোকানগুলো হলো, কীটনাশক ব্যবসায়ী খলিল ট্রেডার্স, ইমন ট্রেডার্স এবং মুদি ব্যবসায়ী শুভ ট্রেডার্স।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন বাজারে প্রতিদিনের মতো রাতে দুজন নাইটগার্ড দায়িত্ব পালন করছিলেন। গভীর রাতে সংঘবদ্ধ একদল চোর অস্ত্রের মুখে নাইটগার্ডদের জিম্মি করে পরপর দুটি কীটনাশক ও একটি মুদি দোকানের তালা ভেঙে চুরি করে পালিয়ে যায়। এতে খলিল ট্রেডার্স থেকে প্রায় ৫ লাখ টাকার কীটনাশক ও নগদ ১৪ হাজার টাকা চুরি হয়। অপরদিকে শুভ ট্রেডার্স থেকে নগদ অর্থ, একটি ট্যাবসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোরেরা, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেএছাড়াও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
নাইটগার্ড রুহুল আমিন জানান, ডিউটির সময় মধ্যরাতে তিনি হঠাৎ ঘুমিয়ে পড়েন। এ সময় মুখোশ পরা ৭ থেকে ৮ জন চোর ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে জিম্মি করে তিনটি দোকানে চুরি চালায়। তবে তিনি কাউকে শনাক্ত করতে পারেননি বলে দাবি করেন।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, “তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে নাইটগার্ড দুজনের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। প্রাথমিকভাবে তাদের ভূমিকা সন্দেহজনক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এফপি/জেএস