শৈলকুপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কুমার নদে পড়ে দুই জনের প্রাণহানি হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাতের দিকে ঝিনাইদহ- কুষ্টিয়া মহাসড়কের উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে। নিহতরা হলেন, ট্রাকের চালক সোহেল শেখ ও হেলপার মুবারক হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে রওনা দেয়। বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ঘনকুয়াশায় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে কুমার নদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতেই ট্রাকের হেলপার মুবারক হোসেনকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। রোববার (৪ জানুয়ারি) সকালে দীর্ঘ চেষ্টা শেষে চালক সোহেল শেখের মরদেহ নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত দু'জনই পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের গাজামানিকুন্ডা গ্রামের বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বড়দাহ ব্রিজ এলাকায় ট্রাক দুর্ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গুলো ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফপি/জেএস