দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের কাস্টমস হাউসে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিয়মিত নিলাম কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিতে পড়ে থেকে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে আমদানিকারকদের প্রায় সাড়ে ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা মূল্যের আমদানি করা পণ্য। দীর্ঘদিন ধরে নিলাম না হওয়ায় একদিকে এসব পণ্যের গুণগত মান ও বাজারমূল্য কমছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নিলামের অপেক্ষায় থাকা পণ্যের তালিকায় রয়েছে প্রায় ২৫০টি নামিদামি ও বিলাসবহুল গাড়ি, ২০০টির বেশি কনটেইনারভর্তি বিভিন্ন ধরনের বিদেশি পণ্য এবং ভারী শিল্পকারখানার যন্ত্রপাতি ও ড্রেজার। কাস্টমসের নিলামসংক্রান্ত বিধিবিধান থাকলেও মামলা জটিলতা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম স্থবির হয়ে আছে। ফলে বন্দরের জেটি ও ইয়ার্ডে পণ্যজট বাড়ার পাশাপাশি বন্দর ব্যবস্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।
আমদানি ও কাস্টমস-সংক্রান্ত বিধান অনুযায়ী, বিদেশ থেকে পণ্য আমদানির পর নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারক শুল্ক-কর পরিশোধ করে পণ্য খালাস না করলে তা কাস্টমসের নিলামযোগ্য হওয়ার সুযোগ তৈরি হয়। নিয়ম অনুযায়ী, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব পণ্য নিলামে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে। তবে মোংলা কাস্টমস হাউসে দীর্ঘদিন ধরে নিয়মিত নিলাম কার্যক্রম না হওয়ায় বিপুল পরিমাণ পণ্য অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে একটি নিলাম অনুষ্ঠিত হয়। এরপর একই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরও একটি নিলামের উদ্যোগ নেয় কাস্টমস কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত মামলা জটিলতার কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপর থেকে নিলাম কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
বর্তমানে মোংলা বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিতে নিলামের অপেক্ষায় রয়েছে বিপুল পরিমাণ আমদানি করা পণ্য। কাস্টমস ও বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব পণ্যের মধ্যে রয়েছে জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রায় ২৫০টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। দীর্ঘদিন খোলা জায়গায় পড়ে থাকায় রোদ-বৃষ্টিতে এসব গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও বাহ্যিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া ২০০টিরও বেশি কনটেইনারে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য পড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে ৬০ কনটেইনার গ্যাস সিলিন্ডার, ৩৩ কনটেইনার উন্নতমানের কাগজ এবং ১০ কনটেইনার খেলনা ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। পাশাপাশি বন্দরের জেটিতে পড়ে রয়েছে দুটি ড্রেজার এবং বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ও শিল্পকারখানার যন্ত্রাংশ। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকায় এসব পণ্যেরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীদের ধারণা, নিলামের অপেক্ষায় থাকা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা।
দীর্ঘদিন ধরে নিলাম কার্যক্রম বন্ধ থাকার পেছনে মামলা জটিলতার পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষের ধীরগতি, প্রশাসনিক জটিলতা এবং কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে একটি সিন্ডিকেটের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। তাঁদের দাবি, নিলাম কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের জেটি ও ইয়ার্ডে পণ্যজট বাড়ছে। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে।
এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা কাস্টমস কমিশনারের কাছে একাধিক লিখিত আবেদনও জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাঁরা।
এ বিষয়ে মোংলা বন্দর স্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দ্রুত নিলাম কার্যক্রম চালু করা না হলে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের অপচয় বাড়বে, অন্যদিকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলা ব্যাহত হবে। তাঁরা দ্রুত নিলাম কার্যক্রম চালুর মাধ্যমে দীর্ঘদিনের এ অচলাবস্থা নিরসনের দাবি জানান।
সার্বিক বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত মোংলা কাস্টমস কমিশনার মো. গিয়াস কামাল বলেন, বিভিন্ন কারণে আগে যেসব পণ্য নিলাম করা সম্ভব হয়নি, সেগুলোর কাগজপত্র বর্তমান বিধিবিধান অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে আগামী দুই মাসের মধ্যে আটকে থাকা সব পণ্য নিলামের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে মোংলা কাস্টমস হাউসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে গাড়ি আমদানি ও খালাসের ক্ষেত্রে এ বন্দরের উল্লেখযোগ্য অবদান রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশে বিদেশ থেকে আমদানি করা মোট গাড়ির প্রায় ৭০ শতাংশ মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়। ফলে এ বন্দরে বিপুলসংখ্যক গাড়ি ও অন্যান্য আমদানি করা পণ্য দীর্ঘদিন আটকে থাকায় রাজস্ব আহরণ, বন্দর ব্যবস্থাপনা এবং সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, দ্রুত নিলাম কার্যক্রম চালু করে আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন করা না হলে একদিকে যেমন বিপুল পরিমাণ আমদানি করা পণ্য নষ্ট হবে, অন্যদিকে সরকার সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হবে। তাই এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এফপি/মিব