Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

রূপগঞ্জে গভীর রাতে এমপির বাড়ির পাশে বাসে অগ্নিসংযোগ

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম  (ভিজিটর : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির পাশে মেঘলা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলির শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ১০ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। পরে সংসদ সদস্য দিপু ভূঁইয়ার গোলাকান্দাইলের বাড়ির পাশের মাসুমের গ্যারেজের সামনে সড়কে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তদের পক্ষ থেকে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলেও দাবি করেন তাঁরা।

অগ্নিসংযোগের পর মুহূর্তের মধ্যেই বাস দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সাংবাদিকদের জানান, তাঁর মেঘলা পরিবহনের দুটি বাসই সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির সামনে মাসুমের গ্যারেজে রাখা হতো। রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত সড়কে রাখা বাস দুটিতে আগুন দেয়। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি সর্বস্ব হারানোর আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে, খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে বাস দুটিতে অগ্নিসংযোগ করেছে, পাশাপাশি গুলির শব্দ শোনার দাবির সত্যতা কী—এসব বিষয় তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝