রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকায় ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেনের নির্ধারিত প্রশস্ততা, সড়কের জায়গা ব্যবহার এবং নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ অবস্থায় কাজের বিভিন্ন অসংগতি নজরে আসায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভা সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌর এলাকায় বর্তমানে মোট ২ হাজার ৮০৪ মিটার দৈর্ঘ্যের ছয়টি ড্রেন নির্মাণ এবং ৫ হাজার ৯৮৪ মিটার সড়কের ১০টি স্থানে সংস্কারকাজ চলমান রয়েছে। এসব কাজ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
স্থানীয় সরকার বিভাগের ৩০ পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের আওতায় (আইইউজিআইপি) আড়ৎপট্টি এলাকায় ১৯০ মিটার দৈর্ঘ্যের একটি ড্রেন নির্মাণ করা হচ্ছে। ড্রেনটির নির্ধারিত প্রশস্ততা এক মিটার। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের মেসার্স শাম্মি বিল্ডার্স।
সরেজমিনে দেখা যায়, ড্রেন নির্মাণের ক্ষেত্রে কোথাও কোথাও নির্ধারিত মাপ অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া ড্রেন নির্মাণে ব্যবহৃত রডের মান নিয়েও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, একই প্রকল্পের অন্যান্য কাজ নিয়েও বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাম্মি বিল্ডার্সের পক্ষে আব্দুল আলিম বলেন, কাজের ধরন নিয়ে কিছু প্রশ্ন ওঠায় পৌর কর্তৃপক্ষ কয়েকটি নির্দেশনা দিয়েছে। সেসব নির্দেশনা অনুযায়ী কাজের প্রস্তুতি চলছে। পুরো ড্রেন ৩৬ ইঞ্চি প্রশস্ত করে নির্মাণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে কোথাও কোথাও এর চেয়ে বেশি প্রশস্ত করা হয়েছে বলে জানান তিনি।
নির্ধারিত প্রশস্ততা এক মিটার হওয়ার পরও ৩৬ ইঞ্চি করে ঢালাই দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব স্থানে ৩৬ ইঞ্চি করে ঢালাই দেওয়া হয়েছে, সেগুলো ঠিক আছে।
এদিকে গত শনিবার সরেজমিনে গিয়ে ড্রেন নির্মাণে জায়গা ব্যবহারের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁর বাড়ির সামনের অংশে প্রায় সাত ইঞ্চি জায়গা বেশি দখল করে ড্রেন নির্মাণ করছে। অথচ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারকে সুবিধা দিতে অন্য পাশে ড্রেনের প্রশস্ততা প্রায় সাত ইঞ্চি কমিয়ে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।
তিনি আরও বলেন, তাঁর বাড়ির সামনের সড়কে প্রায় সাত ইঞ্চি জায়গা ফাঁকা রেখে ড্রেন নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে বিপরীত পাশে রাস্তা কেটে ওই পাশের জায়গা রক্ষার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার মো. নিজাম উদ্দিন শেখকে ফোন ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছেন। তবে তিনি ফোন ধরেননি এবং বার্তারও কোনো জবাব দেননি বলে অভিযোগ করেন শফিকুল ইসলাম।
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান বলেন, ড্রেন নির্মাণে কিছু অনিয়মের বিষয় তিনি শুনেছেন। এ কারণে ইতিমধ্যে কাজ বন্ধ রাখা হয়েছে। প্রকল্পের নির্ধারিত সিডিউলের বাইরে কোনো কাজ করার সুযোগ নেই বলেও তিনি জানান।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পের নকশা ও কার্যাদেশ অনুযায়ী ড্রেনের নির্ধারিত মাপ, নির্মাণসামগ্রীর মান এবং সড়কের জায়গা ব্যবহারের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এফপি/অ