খুলনার রূপসা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এদিকে হত্যার নেপথ্যে দুটি সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপসার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা অবস্থায় জাকির হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় গ্রামের হিরকের দোকানে বসেছিলেন জাকির। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। পেশায় তিনি ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকিরের মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি করার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে থানায় আসেননি। এ ঘটনায় সন্দেহভাজন কাউকেও গ্রেপ্তার করা যায়নি।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের পেছনে দুটি সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। জাকির আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ নিয়ে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষদের সঙ্গে বিরোধ তৈরি হয়ে থাকতে পারে। এ ছাড়া ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন
এদিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত বিএনপি নেতা মো. জাকির হোসেনের জানাজা শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম উত্তর খাজাডাঙ্গায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক নেতাকর্মীরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জানাজায় অংশ নেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আবদুর রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, কামরুল ইসলাম কচি, সাবেক জেলা বিএনপি নেতা জিএম আসাদ, জামায়াতে ইসলামী নেতা মো. নাজিমুদ্দিন ও অধ্যাপক মো. আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজা পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ইয়াকুব আলী। জানাজা শেষে উত্তর খাজাডাঙ্গায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এফপি/মিব