Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ

জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৪:২২ পিএম  (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বেসরকারি ক্লিনিকে হামলা চালিয়ে মালিকসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় ক্লিনিকে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন লুট এবং চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের মুরগিহাটা মোড় এলাকায় অবস্থিত আনসার আলী প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ক্লিনিকের স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন (৪০), কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক (২২) এবং ক্লিনিকের ব্যবস্থাপক মাহাবুর রহমান (৩৩)। তাঁদের মাথায় আঘাতের কারণে সেলাই দিতে হয়েছে। এর মধ্যে আলমগীরের মাথায় দুটি, তৌফিকের চারটি এবং মাহাবুরের তিনটি সেলাই দেওয়া হয়েছে। তাঁরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আলমগীর হোসেনের থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে মুরগিহাটা মোড়ে দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেনও সেখানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পর নাজিম উদ্দিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাজিম উদ্দিন, নাজির উদ্দিন, হুসাইন (দুজনের নাম একইভাবে উল্লেখ করা হয়েছে) ও বিল্লালসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আলমগীর হোসেনের অভিযোগ, হামলাকারীরা প্রথমে তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তৌফিককে ধারালো চাইনিজ কুড়াল এবং ক্লিনিকের ব্যবস্থাপক মাহাবুর রহমানকে রামদা দিয়ে মাথায় আঘাত করা হয়। এ ছাড়া অন্যরা তাঁদের লোহার রড দিয়ে মারধর করেন। তাঁদের চিৎকার শুনে ক্লিনিকের নার্স, আয়া ও অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ক্লিনিকের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করে নারী, শিশু, বৃদ্ধ ও চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয়। পাশাপাশি ক্লিনিকের বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙচুর করা হয়।

আলমগীর হোসেনের দাবি, হামলাকারীরা ক্লিনিকের ক্যাশ থেকে আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা এবং এক নার্সের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যান। ওই চেইনের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

অভিযোগে নাম থাকা বিল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোনো ধরনের অস্ত্র ব্যবহারের প্রশ্নই ওঠে না। ঘটনার বেশ কিছু সময় পর আমি সেখানে যাই। শুনেছি, তারা প্রথমে ইট দিয়ে আঘাত করে। এ সময় আত্মরক্ষার্থে হয়তো তাদের সামান্য আঘাত লাগতে পারে। আমাদেরও কয়েকজন আহত হয়েছেন।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘আহত তিনজন থানায় এসেছিলেন। তাঁরা এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝