Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম  (ভিজিটর : ৩০)

ইউপি নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ পাঁচজন হলেন—দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লার মুঠোফোনে এবং বিএনপি কর্মী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের পিকআপ লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝