Dhaka, Thursday | 12 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 November 2026 | English
শিরোনাম:

এমপি নুসরাতের বাড়িতে আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:১৬ এএম  (ভিজিটর : ৪০)

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগা পুরাতন বাড়িটি গরু ছাগল লালন পালনের জন্য ব্যবহৃত হচ্ছিলো। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি একটি ছাগল মারা গেছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু ছিল। আগুনে আসবাবপত্র পুড়ে যায় এবং একটি ছাগল মারা যায়।

নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া বলেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে দেখি, ১০টি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

স্থানীয়রা জানান, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) ওই বাড়িতে আগে বসবাস করতেন। বর্তমানে তিনি পাশেই আরেকটি বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছেন। পুরোনো বাড়িটিতে মূলত গবাদিপশু লালন-পালন করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

এফপি/অ 

 

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝