চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলসংকটে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে হাসপাতালে ১৯ জন প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। এরপর অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও সার্জনের অভাবে জুন মাস থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হলে বেশি টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের। এ ছাড়া হাসপাতালের অন্যান্য বিভাগেও চিকিৎসক ও জনবলসংকট রয়েছে। এতে ব্যাহত হচ্ছে সার্বিক চিকিৎসাসেবা।
জানা গেছে, ১৯৬২ সালে ৩১ শয্যাবিশিষ্ট ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। রোগীর চাহিদা বিবেচনায় ২০০৬ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। পরে ২০১৭ সালে নতুন ভবনে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিভিন্ন পদে জনবলসংকটের কারণে চার লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটিতে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটার থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বিভিন্ন পদে মোট জনবল থাকার কথা ১৭১ জন। এর বিপরীতে কর্মরত রয়েছেন ৯৬ জন। শূন্য রয়েছে ৭৫টি পদ। চিকিৎসকের ৪১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৩ জন। শূন্য রয়েছে ২৮টি পদ। নার্সের ৩০টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ২৯ জন। এ ছাড়া তিনটি ওয়ার্ড বয়ের পদই শূন্য। দুটি আয়ার পদও খালি রয়েছে। পাঁচটি এমএলএসএস পদের মধ্যে শূন্য রয়েছে তিনটি। পাঁচটি সুইপারের পদের বিপরীতে কর্মরত রয়েছেন তিনজন।
জুলেখা বেগম নামের এক রোগী বলেন, ‘ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি সরকারি হাসপাতাল। অথচ এখানে প্রসূতি রোগীদের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের ব্যবস্থা নেই। আমরা আশা করি, এখানে কম খরচে অস্ত্রোপচার করাতে পারব। কিন্তু দীর্ঘদিন ধরে এ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষ কম খরচে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কয়েকজন চিকিৎসক নিয়োগ দিলেই হয়তো আবার অস্ত্রোপচার শুরু করা সম্ভব হবে।
আহম্মদ আলী নামের এক ব্যক্তি বলেন, ‘কিছুদিন আগে আমার পা ভেঙে যায়। প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পরে জানতে পারি, সেখানে অস্ত্রোপচারের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন কর্মচারী জানান, প্রায় প্রতিদিনই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য প্রসূতিরা হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন। চিকিৎসকসংকটের কারণে মাসে গড়ে চার থেকে পাঁচজন প্রসূতি সরকারি হাসপাতালে কম খরচে অস্ত্রোপচারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগের মিডওয়াইফ মোছা. আফরোজা বানু বলেন, ‘প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ থাকলেও স্বাভাবিক প্রসব কার্যক্রম চালু রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে এ হাসপাতালে ৭১৩ জন প্রসূতির স্বাভাবিক প্রসব করানো হয়েছে।
তিনি জানান, মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৮১ জন, ফেব্রুয়ারিতে ৬৯ জন, মার্চে ৬৪ জন, এপ্রিলে ৬১ জন, মে মাসে ৭২ জন, জুনে ৬৬ জন, জুলাইয়ে ৭১ জন, আগস্টে ৭২ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরে ৮১ জন প্রসূতির স্বাভাবিক প্রসব হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকটের মধ্যেও স্বাভাবিক প্রসবসহ অন্যান্য চিকিৎসাসেবা চালু রাখতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন। হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৮৫০ থেকে ৯০০ জন রোগী চিকিৎসা নেন। এ ছাড়া ভর্তি থাকেন ৭৫ থেকে ৯০ জন।
তিনি আরও বলেন, ‘চিকিৎসকসংকটের কারণে চলতি বছরের জুন মাস থেকে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক প্রসব কার্যক্রম অব্যাহত আছে। চিকিৎসক থাকাকালে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ১৯ জন প্রসূতির সন্তান প্রসব করানো হয়েছে। অন্যদিকে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৭১৩ জন প্রসূতির স্বাভাবিক প্রসব করানো হয়েছে।
এফপি/মিব