পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শত বছরের পুরোনো কাইলান্তরি খাল দখল ও ভরাটের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে পাইলিং ও ভরাটের কারণে খালটি ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। এতে স্বাভাবিক নৌ-চলাচল ব্যাহত হওয়ায় শত শত একর ফসলি জমির কৃষকসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে ফসল পরিবহন ও কৃষি উপকরণ সরবরাহ। একই সঙ্গে জরুরি প্রয়োজনে রোগীসহ সাধারণ মানুষের যাতায়াতেও সৃষ্টি হচ্ছে ভোগান্তি।
স্থানীয় জানান, স্বপনের বাড়ি থেকে বয়াতী বাড়ি হয়ে বারানি খাল ও বেলুয়া নদী পর্যন্ত বিস্তৃত এই জলপথ দীর্ঘদিন ধরে এলাকার কৃষিপণ্য পরিবহন ও যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয় কৃষক স্বপন জানান, উৎপাদিত ধানসহ বিভিন্ন ফসল নৌকায় করে বাজারে নিতে হয়। একইভাবে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ জমিতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় কৃষিকাজ ও ফসল পরিবহনে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে দুলাল মিয়া বলেন, খালটি ক্রমেই সংকুচিত হয়ে পড়ায় স্বাভাবিক নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের নৌপথে আনা-নেওয়া করতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল বলেন, "বিষয়টি আমি জানতে পেরেছি। সরেজমিনে তদন্ত করে দেখব।
এলাকাবাসীর দাবি, খালটির প্রকৃত সীমানা নির্ধারণ করে দখল ও ভরাটের অভিযোগ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। শত বছরের ঐতিহ্যবাহী এই খাল পুনরুদ্ধারে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এফপি/মিব