Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই যাত্রীদের চরম দুর্ভোগ

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৃষ্টি হলেই দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। ছাউনি না থাকায় হঠাৎ বৃষ্টিতে ভিজে যান যাত্রীরা। ভিজে যায় তাঁদের সঙ্গে থাকা মালপত্রও। অন্যদিকে, তীব্র রোদের সময় ছায়ার অভাবে দীর্ঘক্ষণ খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয় তাঁদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দীর্ঘ অংশজুড়ে যাত্রীদের জন্য কোনো স্থায়ী ছাউনির ব্যবস্থা নেই। বৃষ্টি শুরু হলে কেউ দোকানের নিচে, আবার কেউ টিকিট কাউন্টারের আশপাশে আশ্রয় নেন। কিন্তু ট্রেন আসার ঘোষণা হলেই তাঁদের আবার প্ল্যাটফর্মে ছুটতে হয়। শিশু ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে এভাবে ছোটাছুটি করতে গিয়ে বাড়ছে ভোগান্তি। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য এমন কোনো ব্যবস্থা নেই। অথচ ট্রেন ক্রসিংয়ের কারণে নিয়মিত এ প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়। ফলে ছাউনি না থাকলেও বাধ্য হয়ে যাত্রীদের সেখানে অপেক্ষা করতে হয়। দ্রুত ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রেলওয়ে সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলবাড়ী স্টেশন দিয়ে আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন ২২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এ স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার যাত্রী যাতায়াত করেন। ট্রেন ক্রসিংয়ের কারণে সপ্তাহে গড়ে অন্তত ৩০ বার ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়। ফলে ওই সময় প্ল্যাটফর্মটিতে যাত্রীদের চাপও বেড়ে যায়।

ফুলবাড়ী সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক মো. হামিদুল হক বলেন, ‘ট্রেন ধরতে ২০ থেকে ৩০ মিনিট আগে ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়। বৃষ্টি শুরু হলে সেখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই। আবার রোদেও ছায়া পাওয়া যায় না। সঙ্গে ছোট শিশু, বয়স্ক কিংবা অসুস্থ ব্যক্তি থাকলে দুর্ভোগের শেষ থাকে না।’

ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. মাহমুদ আলম লিটন বলেন, ‘যে প্ল্যাটফর্মে প্রতিদিন শত শত মানুষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন, সেখানে ছাউনি নেই—এটা মেনে নেওয়া যায় না। বৃষ্টি হলেই যাত্রীদের ছোটাছুটি করতে হয়। আবার রোদের সময়ও ছায়ার খোঁজে এদিক-ওদিক ছুটতে হয়। দ্রুত এখানে ছাউনি নির্মাণ করা প্রয়োজন।’

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ‘২ নম্বর প্ল্যাটফর্মে জায়গার সংকটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে যাত্রীরা প্রায়ই অভিযোগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝