কুড়িগ্রামের ঘোগাদহে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউস অ্যান্ড অটো সেন্টার’। এ উপলক্ষে পবিত্র মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কুড়িগ্রামের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় মানুষের সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে নতুন এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ গেটসংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউস অ্যান্ড অটো সেন্টার’ শাহ আমানত ইজি বাইক ব্যাটারি কোম্পানি লিমিটেডের অনুমোদিত ডিপো হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত ইজি বাইক ব্যাটারি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মাহমুদুল হাসান, পূর্ণ চন্দ্র সরকার, আব্দুল জলিল, রবিউল ইসলাম রুবেল ও সাগর হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম ব্যাটারি হাউস অ্যান্ড অটো সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পবিত্র মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং নবপ্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউস অ্যান্ড অটো সেন্টার’ চালুর ফলে এলাকার ইজিবাইক চালক ও মালিকদের জন্য মানসম্মত ব্যাটারি এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করা সহজ হবে। পাশাপাশি স্থানীয় পরিবহন খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অতিথিরা প্রতিষ্ঠানটির সফল পথচলা ও সার্বিক সমৃদ্ধি কামনা করেন।
এফপি/মিব