নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার ও মেরামতের কাজ অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধুখালী মসজিদ রোড ও ইউনিয়ন পরিষদ রোডের সংস্কারকাজের উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এসব সড়কে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী। ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে তাঁর এ উদ্যোগ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।
বৃহস্পতিবার সকালে মধুখালী গ্রামের বাসিন্দাদের উপস্থিতিতে সংস্কারকাজের উদ্বোধনকালে আবু মোহাম্মদ মাসুম বলেন, মধুখালী প্রধান সড়কের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ভেঙে যাওয়া অংশে গাইড ওয়াল নির্মাণ করে পাকা করা হচ্ছে।
তিনি আরও বলেন, 'নিজ ব্যবসার মুনাফার ৮০ শতাংশই জনগণের কল্যাণে ব্যয় করছি। গ্রামীণ সড়কের দুর্ভোগ কমাতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি বড় বাজেটের সড়কগুলো স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সহযোগিতায় বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছি। আমরা স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করছি। আমি রূপগঞ্জ ইউনিয়নবাসীর জন্য কাজ করছি। তাঁরা আমাকে সমর্থন ও দোয়া করছেন। আশা করি, সময়মতো ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। বর্তমানে যেভাবে এলাকাবাসীর পাশে আছি, ভবিষ্যতে সুযোগ পেলে আরও বেশি কাজ করব।'
স্থানীয় বাসিন্দারা জানান, মধুখালী প্রধান সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের কারণে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল। গত শুক্রবার জুমার নামাজের পর মধুখালী গ্রামের মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তাঁরা আবু মোহাম্মদ মাসুমকে সড়কটির দুরবস্থার কথা জানান। পরে তিনি সড়কটি সংস্কারের উদ্যোগ নেন।
এফপি/মিব