নীলফামারী জেলার ডোমারে শ্বশুরবাড়িতে চুরি ও লুটের অভিযোগে জামাইসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতাতকৃতরা হলেন, নীলফামারী সদরের হাজিগঞ্জ এলাকার এজাজুল ইসলামের ছেলে মো. আজিম (২৬) এবং তফিজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (২৮)। আজিম এর শাশুড়ি ডোমার উপজেলার জামিরবাড়ি হুজুরপাড়া এলাকার মো. ইয়াসীন আলীর স্ত্রী রেখা বেগম (৪৫) এর দায়ের করা মামলায় আসামীদের গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, গত ২ এপ্রিল রাতে আজিম তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে বাদী আজিমের শাশুড়ি মোছা. রেখা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আজিম ও তাঁর সহযোগী তহিদুল ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে যান।
এ ঘটনায় ডোমার থানায় গত ০৩ এপ্রিল অজ্ঞাত আসামী উল্লেখ করে মামলা দায়ের করেন রেখা বেগম। তথ্য প্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে আসামী দুজনকে গ্রেফতার করে ডোমার থানার পুলিশ।
মামলার বাদী রেখা বেগম জানায়, ঘটনার দিন আজিম ও তার বন্ধু আমাদের বাড়িতে দাওয়াত খেয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন। আমরা ঘুমিয়ে পড়লে তারা ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে যান। এরপর থেকে তারা পলাতক ছিলো।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আঙ্গুর ইসলাম জানায়, তথ্য প্রযুক্তির সহযোগীতায় আসামীদের মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে আসামীদের আদালতের প্রেরন করা হয়েছে।
এফপি/অ