Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

মহাদেবপুরে ছিনতাইয়ের ৯ লাখ টাকা উদ্ধার, কৃষক দলের নেতাসহ আটক ৩

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম  (ভিজিটর : ২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আট ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানার চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার ডিমজাউন গ্রামের পিকআপচালক সোহেল রানা, ঈশ্বরলক্ষীপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন (২৮) এবং রামচরনপুর দক্ষিণপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না রহমান (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলা সদরের পশ্চিম পাশে ভাঙারি ব্যবসা করেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাসিন্দা আব্দুল আলিম। মঙ্গলবার তাঁর চাচাতো ভাই ও দোকানের ব্যবস্থাপক মজনু এবং পিকআপচালক সোহেল বগুড়া থেকে ভাঙারি মালামাল বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন। পথে চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়।

তাঁদের চিৎকারে স্থানীয় পথচারীরা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার আট ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, 'উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সুপারের দিকনির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার বিকেলে পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝