পাবনার চাটমোহরে চারটি ইউনিয়নে নিয়োগ দেওয়া সার ডিলারদের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপি নেতা এ এম জাকারিয়া, রবিউল করিম তারেক, অধ্যক্ষ মাহমুদুল আলম, মো. গোলাম মাওলা, নজির সরকার, সোহেল রানা, ছহির উদ্দিন স্বপন, ইয়াসিন আলী, ফুল চাঁদ হোসেন শামীম ও শিরীন শিলাসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাটমোহর উপজেলার চারটি ইউনিয়নে নিয়োগ পাওয়া সার ডিলাররা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের মধ্যে রয়েছেন বিলচলন ইউনিয়নের আব্দুস সামাদ (ইমাম মেহেদী ও বীজ ভান্ডার), মূলগ্রাম ইউনিয়নের রহমত আলী (মেসার্স রহমত আলী), ডিবিগ্রাম ইউনিয়নের আকমল হোসেন (মেসার্স আরিয়ান কৃষি বিতান) এবং মথুরাপুর ইউনিয়নের আরিফুল ইসলাম (আরিফ কৃষি বিতান)।
বক্তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ডিলাররা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, মামলা ও লুটপাটের ঘটনায় জড়িত ছিলেন। এ ছাড়া তাঁরা সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত চার ডিলারের নিয়োগ বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের কাছে স্মারকলিপি দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এফপি/মিব