কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে উপজেলা ছাত্রদল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা ও উখিয়া কলেজ ছাত্রদলের নেতারা ইউএনওর কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় বিভিন্ন চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে ছাত্রীদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা এবং তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হচ্ছে।
স্মারকলিপিতে ছয়টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক হয়রানি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শালীন ও সম্মানজনক আচরণ নিশ্চিত করা, নিরাপত্তার নামে অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ বন্ধ করা এবং হয়রানির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার নামে কোনো শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের যেন হয়রানির শিকার হতে না হয়। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ এবং উখিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আবছার ও সাধারণ সম্পাদক উসমান সরওয়ার।
এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, সরকারি কাজে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ ধরনের অভিযোগের বিষয়ে তিনি এখনো কিছু শোনেননি। তবে বিস্তারিত তথ্য জেনে এ বিষয়ে বক্তব্য দেবেন।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এফপি/মিব