নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ মো. জাহিদ মোল্যা (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) কালিয়া উপজেলার ২ নম্বর পুরুলিয়া ইউনিয়নের পারবিষ্ণুপুর গ্রামের নিজ বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ মোল্যা পারবিষ্ণুপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলীর তত্ত্বাবধানে এসআই সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই শেখ জাহিদুল ইসলাম ও এএসআই মোড়ল আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় জাহিদ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/মিব