মুন্সীগঞ্জের মুক্তারপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার মুক্তারপুর টোলগামী সড়কের এশিয়া মিলের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বপাড়া এলাকার মো. এনামুল হক (২৩) ও মো. শাহিন হাসান (২২)।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই মো. কামরুল হাসান ও এএসআই দীপক কুমারসহ ডিবির একটি দল অভিযান চালায়।
এ সময় গ্রেপ্তার দুজনের কাছ থেকে তিনটি প্যাকেটে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫, ৫ ও ৪ কেজি করে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কুমিল্লা-ন-১১-০৭৭৪ নম্বরের নেভি ব্লু রঙের একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/মিব