পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁকে অসম্মান করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খান, মো. সিরাজুল আলম মোল্লাসহ অন্যরা।
বক্তারা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দেশের বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এ ধরনের অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানানো রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
এফপি/মিব