বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘ক্যারাট-২০২৬ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র (USS WARRIOR) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
রোববার (১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্রপথের নিরাপত্তায় যৌথ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় অংশ নেবে জাহাজটি।
৬৮ মিটার দীর্ঘ জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোয়িট । জাহাজটি বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান জাহাজের অধিনায়ক ও সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহাজটির আগমন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদ্যদল ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশনের মাধ্যমে সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোয়িট, প্রতিনিধিদলের প্রধান ক্যাপ্টেন স্টিফেনস এবং যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামে অবস্থিত স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকসের (SMWT) অডিটোরিয়ামে ক্যারাট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সফরকারী জাহাজের অধিনায়ক, প্রতিনিধিদলের প্রধান ক্যাপ্টেন স্টিফেনস, যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যৌথ মহড়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ মহড়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র, মার্কিন নৌবাহিনীর পি-৮এ উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, কমডোর সোয়াডস কমান্ডের বিভিন্ন ইউনিট ও নেভাল এভিয়েশন অংশ নেবে।
মহড়ায় দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রপথে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত ক্যারাট একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় প্রশিক্ষণ উদ্যোগ। এর মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়।
যৌথ মহড়ার কার্যক্রম শেষে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এফপি/মিব