গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার মান্দ্রা গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
চৌরখুলী একাদশ বনাম উত্তরপাড়া একাদশ এর মধ্যে সেমিফাইনাল খেলা চলছিল। জানাগেছে, মান্দ্রা - রাধাগঞ্জ গ্রামের যুবকেরা ২৪দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
আহতরা হলেন, মেকাইল ইসলাম (২৫), রিয়াদ শেখ (১৮), জিহাদ তালুকদার (১৮), দিনু ইসলাম (১৭), আরমান শেখ (১৯), রিয়াজ শেখ (২৫), কাওসার তাজ (৪০), সাদেক মোল্লা (২৩) ও রিফাত তাজ (১৫)। এদের মধ্যে গুরুতর আহত মেকাইল শেখ (২৫) ও রিফাত তাজ (১৫) কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খেলার মধ্যে উত্তরপাড়া একাদশের এক প্লেয়ারকে রেফারী লাল কার্ড দিলে উত্তরপাড়া একাদশ খেলোয়াড়দের সাথে রেফারী ও কমিটির লোকজনের তর্কবিতর্ক বাঁধে। এক পর্যায়ে কমিটির লোকজন ক্ষিপ্ত হয়ে উত্তরপাড়া একাদশের খেলোয়ার ও সমর্থকদের উপর হামলা চালায়।
উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম বলেন, খেলার মধ্যে আমাদের দলের এক খেলোয়ারকে চৌরখুলী একাদশের এক খেলোয়ার ঘুষি ও লাথি মারে। এই ঘুষি ও লাথির প্রতিবাদ করলে কমিটির লোকজন আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের অন্তত ১০জন আহত হয়েছে।
এ ব্যাপারে মান্দ্রা-রাধাগঞ্জ টুর্নামেন্টের সভাপতি দুলাল শেখ বলেন, আমরা কাউকে মারধর করিনি। খেলা দেখতে আসা সমর্থকরা তাদের মারধর করেছে। আমাদের উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/অ