Dhaka, Thursday | 8 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 8 October 2026 | English
শিরোনাম:

আইকাও অডিটের আগে বিমানবন্দর নিরাপত্তায় বাড়ছে তৎপরতা

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:২১ এএম  (ভিজিটর : ১৪)

দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। বিভিন্ন মন্ত্রণালয়, বেবিচক, জাতীয় রাজস্ব বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।

সভায় আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ভিআইপি/সিআইপি লাউঞ্জের নিরাপত্তা, বিমানবন্দরের স্থলভাগের নিরাপত্তা, উচ্চঝুঁকির কার্গো ও ডাক শনাক্তকরণ এবং অননুমোদিত ড্রোন উড্ডয়ন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা নিরীক্ষাকে সামনে রেখে ভিআইপি/সিআইপি অভিবাসন এলাকায় অননুমোদিত প্রবেশ নিয়ন্ত্রণ এবং নির্ধারিত প্রটোকল যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিমানবন্দর নিরাপত্তায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে একক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। আইকাওর অ্যানেক্স-১৭, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি এবং দেশের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালনে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ ছাড়া বিমানবন্দরের স্থলভাগের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জন্য মানসম্মত পরিচালন পদ্ধতি প্রণয়ন এবং কক্সবাজার বিমানবন্দরের সমুদ্রবক্ষে স্থাপিত ক্যাট-২ নির্ভুল অবতরণ সহায়ক আলোকব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় দেশের বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং আইকাওর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝