Dhaka, Thursday | 8 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 8 October 2026 | English
শিরোনাম:

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:০১ এএম  (ভিজিটর : ২১)

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারা দেশে প্রতিমা নির্মাণ স্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনসহ আগাম নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মাঠপর্যায়ে বাহিনীর সদস্যরা পূজা উদযাপন কমিটির নেতা, মন্দির কর্তৃপক্ষ ও প্রতিমা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

মতবিনিময়কালে প্রতিমার নিরাপত্তা, পূজা উদযাপনকালীন আইনশৃঙ্খলা এবং পূজা উদযাপন কমিটি ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব-কর্তব্যের বিষয়গুলো উঠে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, আলোকসজ্জা ও অগ্নিনিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সতর্কতা অবলম্বন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এ ছাড়া পূজাকালীন দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোকে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপির সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করতে সারাদেশে আনসার-ভিডিপির এ আগাম প্রস্তুতি ও মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝